ধর্ষণ বেড়ে যাওয়ায় পর্ন সাইটকে দুষলেন তথ্যমন্ত্রী

১১ অক্টোবর, ২০২০ ১৯:৫৭  
তথ্য প্রযুক্তির অবাধ দুনিয়ায় যে কোনো ক্ষেত্রে বিচরণ এখন অনেক সহজ হওয়ার বিষয়টি তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোররা-তরুণরা নানাভাবে পর্ন সাইট থেকে শুরু করে সব জায়গায় প্রবেশ করতে পারে। যদিও সরকার অনেকগুলো পর্ন সাইট বন্ধ করে রেখেছে, কিন্তু অন্য কোনো সাইটের মাধ্যমে সেগুলোতে ঢুকতে পারে।” আর বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে এই পর্নগ্রাফিকে একটি বড় কারণ বলে মনে করছেন তথ্যমন্ত্রী। একইসঙ্গে বিনোদনের প্লাটফর্মে মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কনটেন্টকেও এজন্য দায়ি বলে মনে করছেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই অভিমত প্রকাশ করেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ সভায় বক্তব্য রাখেন।